প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য বেশ কষ্ট করতে হচ্ছে ইমরুল কায়েসকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলে জায়গা পেলেও খেলতে পারেননি পরের দুটি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন এই বাঁহাতি ওপেনার। ইংলিশ বোলারদের নাজেহাল করে দিয়ে পূর্ণ করেছেন শতক।
ইমরুলের দারুণ ব্যাটিংয়ে ভর করে প্রস্তুতি ম্যাচে ভালো অবস্থানে আছে বিসিবি একাদশ। ৩১ ওভার শেষে বিসিবির স্কোর : ১৯৯/৩। ৯১ বলে ১২১ রান করে আউট হয়েছেন ইমরুল। মেরেছেন ১১টি চার ও ছয়টি ছয়।
ইমরুল রানের ধারায় ফিরলেও আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। আজ প্রস্তুতি ম্যাচেও তিনি আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
প্রস্তুতি ম্যাচে খেলার কথা না থাকলেও শেষ মুহূর্তে দলে ঢুকে গেছেন মুশফিকুর রহিম। গত কয়েক ম্যাচে তিনিও ভুগছেন রানখরায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় অপরাজিত আছেন ২৪ রান করে।

